চিকিৎসাসেবাকে নাগরিক অধিকার হিসেবে নিশ্চিত করতে আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, হতদরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকার বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে। সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে দরিদ্র রোগীদের প্রয়োজন হলে প্রাইভেট হাসপাতালে পাঠানো হবে এবং তাদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার।
শনিবার (১৬ মে) চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সরকার অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও সার্বজনীন ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে আমির খসরু বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। তার দাবি, এ সংকটের ফলে প্রায় ৪ বিলিয়ন ডলার বা প্রায় ৪০ হাজার কোটি টাকার আর্থিক প্রভাব পড়েছে। পাশাপাশি আগের সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিপুল বকেয়াও বর্তমান সরকারকে পরিশোধ করতে হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি বর্তমানে কঠিন সময় পার করছে এবং এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সময় লাগবে। অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি।