হবিগঞ্জ জেলায় শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে জেলার যোগাযোগ ব্যবস্থা। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ধর্মঘট শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী। বিশেষ করে মৌলভীবাজার ও সিলেট রুটে বাস চলাচল বন্ধ থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
সরেজমিনে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। অনেক যাত্রী জরুরি প্রয়োজনে টার্মিনালে এসে বাস না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
টার্মিনালে অপেক্ষারত এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “জরুরি কাজে সিলেটে যাওয়ার জন্য সকালে বের হয়েছিলাম। কিন্তু এসে দেখি কোনো বাস চলছে না। এখন বিকল্প গাড়িও সহজে পাওয়া যাচ্ছে না, আর পেলেও কয়েকগুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে।”
জানা গেছে, মৌলভীবাজার এলাকায় চলাচলকারী বাসে হামলা, ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও পরিবহন শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেন। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলতে পারে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।