চট্টগ্রামে নানা আয়োজনে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘ভোরের ডাক’ এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১১ মে) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। প্রতিটি স্তম্ভকেই শক্তিশালী রাখতে হবে, অন্যথায় রাষ্ট্রের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ব্যাহত হবে।
তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি জাতির আস্থা ও ভবিষ্যতের পথপ্রদর্শক। সত্য প্রকাশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের আশা-আকাঙ্কা তুলে ধরা এই তিনটি বিষয় সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন প্রণয়ন বিভাগের মতো সাংবাদিকতারও রয়েছে গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমানে বিভিন্ন গণমাধ্যম যেমন স্বাধীনতা ভোগ করছে অতীতে কখনো এত স্বাধীনভাবে কাজ করতে পারেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট সাংবাদিক তৈরিতে সবধরনের সুযোগ সুবিধা প্রদান কাজ করে যাচ্ছেন।
সাংসদ বলেন, দৈনিক ভোরের ডাক ৩৫ বছর ধরে সংবাদ জগতে নিজেকে একটি আস্থার জায়গায় প্রতিষ্ঠিত করেছে। বিগত সময়ের মতো ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের মাঝে তুলে ধরবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠক ধরে রাখবে এটাই আমার বিশ্বাস।
অনুষ্ঠোনে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির সাাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক বোর্ড সদস্য একে এম ফজুল হক প্রমূখ।