কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া এলাকায় সরকারি খাস জমি দখল করে গড়ে ওঠা অবৈধ কটেজ ও রিসোর্টের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দিনব্যাপী পরিচালিত এ অভিযানে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের দাবি, সরকারি খাস জমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় অনুমতি ছাড়া নির্মিত বড়, মাঝারি ও ছোট আকারের অন্তত ২০ থেকে ২৫টি স্থাপনা অপসারণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দ্বীপের বিভিন্ন স্থানে পরিবেশগত নিয়ম-নীতি উপেক্ষা করে অবৈধভাবে কটেজ, রিসোর্ট ও পর্যটনকেন্দ্রিক বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। এতে উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি সরকারি জমি দখলের অভিযোগও ওঠে।
অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার। অভিযানের সময় দখলকৃত জায়গা থেকে বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে ফেলে জমি পুনরুদ্ধার করা হয়।
প্রশাসন জানিয়েছে, এটি চলমান উচ্ছেদ কার্যক্রমের অংশ। পর্যায়ক্রমে সোনাদিয়া ও আশপাশের এলাকায় অবৈধ দখল ও পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করা হবে। এ ছাড়া নতুন করে যাতে কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস, বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সরকারি জমি উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।