মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে লিফলেট বিতরণের অভিযোগে মো. এরশাদ হোসাইন বেপারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত এরশাদ হোসাইন বেপারী উপজেলার কাঠাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি প্রবাসভিত্তিক একটি আওয়ামী লীগ কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ও রোববার কাঠাদিয়া ও শিমুলিয়া ইউনিয়নের ঢালীবাড়ি এলাকাসহ আশপাশে আওয়ামী লীগ সরকারের সময়কার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, এসব লিফলেট নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে প্রচার করা হচ্ছিল।
বিষয়টি জানাজানি হলে টঙ্গীবাড়ী থানা পুলিশ অভিযান চালায়। পরে শনিবার রাতে অভিযান পরিচালনা করে এরশাদ হোসাইন বেপারীকে আটক করা হয়।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।