নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিনব কৌশলে জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের সময় ৪ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (৪ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি চৌকস দল শ্যামগঞ্জ-বিরিশিরি-দুর্গাপুর সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি চালায়। এ সময় জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক দুইজন সম্পর্কে মামা-ভাগ্নে। তারা হলেন দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মৃত ওসমান গনির ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৩) এবং একই ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মোঃ রমজিবুর রহমানের ছেলে মোঃ রমজান আলী (৩২)।
এ ঘটনায় সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বাদী হয়ে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।