ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



রাজশাহীর পবায় টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পণ্য পুড়ে ছাই
রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৪৫ পিএম  (ভিজিটর : ২৯)
রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোররাত প্রায় তিনটার দিকে গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে পবা উপজেলার নওহাটা কলেজ মোড় সংলগ্ন গোডাউন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে অংশ নেন।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, গোডাউনের ভেতরে থাকা কয়েক হাজার লিটার সয়াবিন তেলের বোতল আগুনে গলে চারদিকে ছড়িয়ে পড়েছে। স্তূপ করে রাখা শত শত বস্তা পণ্য পুড়ে কালো কয়লায় পরিণত হয়েছে। আগুনের তাপে গোডাউনের দেয়াল ও দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার সরকারি মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, গোডাউনের ভেতর ঘিঞ্জি পরিবেশ এবং বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

এদিকে টিসিবির পণ্য নিতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন নিম্ন আয়ের মানুষ। পণ্য নিতে আসা মতিন নামের এক ব্যক্তি বলেন, বুধবার এলাকায় মাইকিং করা হয়েছিল আজ বৃহস্পতিবার টিসিবির পণ্য দেওয়া হবে। সেই খবর পেয়ে এসে দেখি গোডাউনে আগুন লেগে সব পুড়ে গেছে। খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।

এ ঘটনায় নওহাটা কলেজ মোড় এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবহুল এই এলাকায় আগুনের তীব্রতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোডাউনে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ জেনেছে। এ ঘটনায় টিসিবির ডিলারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে।
এম এম মামুন





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com