টানা বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

টানা কয়েক ঘণ্টার ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীসহ

2026-04-29T17:10:07+00:00
2026-04-29T17:10:07+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
টানা বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন
এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:১০ পিএম 

টানা কয়েক ঘণ্টার ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। অবিরাম বৃষ্টি ও জমে থাকা পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো শহরের জনজীবন।

গতকাল রাত থেকে শুরু হওয়া কয়েক দফার ভারী বর্ষণে শহরের অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে যায়। বিশেষ করে সার্কিট হাউজ রোড, শায়েস্তানগর, কালীবাড়ী ক্রস রোড, শ্যামলী, ঘাটিয়াবাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাঁটুসমান পানি জমে যায়। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক জায়গায় রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। স্কুলগামী শিক্ষার্থী ও অফিসমুখী মানুষকে পানির মধ্যে দিয়ে চলাচল করতে দেখা গেছে।

শহরের বাসিন্দারা জানান, অল্প সময়ের ভারী বৃষ্টিতেই প্রতি বছর একইভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অপরিকল্পিত নগরায়ণ এবং পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারে না। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক দোকানপাটে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়েছে।

এদিকে টানা বৃষ্টিপাতের কারণে খোয়াই ও কুশিয়ারা নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানিও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলায় মোট ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা আরও বাড়িয়ে তুলেছে। শহরের পাশাপাশি গ্রামীণ ও নিচু এলাকাগুলোতেও পানি জমে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেক বাড়ির উঠান ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে নদীতীরবর্তী এলাকার মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃষ্টিপাত আরও বৃদ্ধি পেলে এবং উজানের ঢল অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হতে পারে।

এদিকে আবহাওয়া অফিস আরও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। ফলে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ না করলে সামান্য বৃষ্টিতেই ভবিষ্যতে আরও ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: