রাব্বি হত্যা মামলায় দুই আসামির জামিন, আইনজীবীর কার্যালয়ে হামলা ও ভাঙচুর

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার দুই আসামির জামিনকে কেন্দ্র করে আইনজীবীদের কার্যালয়ে হামলা

2026-04-28T16:32:04+00:00
2026-04-28T16:32:04+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
রাব্বি হত্যা মামলায় দুই আসামির জামিন, আইনজীবীর কার্যালয়ে হামলা ও ভাঙচুর
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:৩২ পিএম 

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার দুই আসামির জামিনকে কেন্দ্র করে আইনজীবীদের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মাগুরা শহরের জেলাপাড়া এলাকায় ৪০-৫০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে হঠাৎ এসে আইনজীবী হাবিবুর রহমানের কার্যালয়ে হামলা চালায়। মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে তারা চেম্বারের টেবিল, চেয়ার, আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে পালিয়ে যায়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট পারনান্দুয়ালী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। এ ঘটনায় নিহতের ভাই ইউনুস আলী ১৩ আগস্ট রাতে মাগুরা সদর থানায় সাবেক দুই সংসদ সদস্যসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ঘটনা সম্পর্কে আইনজীবী মো. উজ্জ্বল হোসেন বলেন, “আমি এ বিষয়ে তেমন কিছু জানি না। হাইকোর্ট থেকে এক আসামির জামিন হয়েছে, শুধু বেলবন্ডে স্বাক্ষর করেছি। আমার এক সহকারীর আত্মীয় হওয়ায় মামলার ৯ নম্বর আসামি হেদায়েত কুরাইশের বেলবন্ড সামনে আনলে আমি সই করি। পরে শুনেছি, এ কারণেই আমার কার্যালয়ে হামলা হয়েছে।”

আইনজীবী হাবিবুর রহমান জানান, “দুপুর দেড়টার দিকে ৪০ থেকে ৫০ জন লোক হঠাৎ এসে ২-৩ মিনিটের মধ্যে আমার চেম্বারে ভাঙচুর চালায়। এতে টেবিল, চেয়ার ও আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার মক্কেল আজিম প্রায় দুই মাস আগে জামিন পেয়েছিলেন। আর সম্প্রতি আইনজীবী উজ্জ্বলের মক্কেল হেদায়েত কুরাইশের জামিনকে কেন্দ্র করেই এ হামলা হয়েছে।”

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, “কারা এই ভাঙচুর করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা উদ্‌ঘাটন করব এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: