বাল্যবিবাহ প্রতিরোধে সিলেট মুসলিম ম্যারেজ রেজিষ্ট্রেশন কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নগরের অভিজাত হোটেলের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিলেট এপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট এর পরিচালক ড. সৈয়দ শাহ এমরান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ। বাল্যবিবাহমুক্ত সিলেট গড়তে ধর্মীয় নেতাদের পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওসমূহ ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে সিলেটে বাল্যবিবাহ রোধ করা সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিলেট এপি'র সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার, সিলেট জেলা শিশু কর্মকতা সাইদুর রহমান, সিলেট শিশু অধিকার বিষয়ক কর্মকতা প্রিয়াঙ্কা দাশ রায়,সিলেট জেলা মুসলিম ম্যারিজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা বদরুল ইসলাম।
মতবিনিময় সভায় কোরআন তেলাওয়াত করেন কাজী জহির উদ্দিন।