মাগুরা শহরের নতুন বাজার এলাকায় একটি তেলের মিলে কাজ করার সময় মেশিনের মটরের ফিতায় জড়িয়ে সোবহান হোসেন (২০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে অলোক ওয়েল মিলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাজে যোগ দেন সোবহান হোসেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি মেশিনের মটরের ফিতার সঙ্গে জড়িয়ে পড়েন, এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেলের মিলের মালিক অলোক বিশ্বাস জানান, সকালে কাজ করার সময় হঠাৎ মটরের ফিতায় জড়িয়ে পড়েন সোবহান। দ্রুত মেশিন বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া জানান, গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ইসিজি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত সোবহান হোসেন মাগুরা পৌরসভার দোয়ারপাড়া এলাকার শহর আলীর ছেলে। তিনি অলোক ওয়েল মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
বর্তমানে তার মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।