শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মাগুরায় সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৬ এপ্রিল বেলা ১২টা ৩০ মিনিটে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কলেজ শাখা।
কলেজ শাখার আহ্বায়ক জুবায়ের হোসেন শান্ত’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মাদ আমিম হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে হয়ে মাগুরা জেলা সভাপতি মুহাম্মাদ মারুফ বিল্লাহ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে সহিংসতা ও আধিপত্য বিস্তারের প্রবণতা বাড়ছে, যা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা অভিযোগ করেন, অতীতে নির্যাতনের শিকার হওয়া সংগঠনগুলোই এখন একই ধরনের সহিংসতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির বিবেক গঠনের জায়গা। অথচ বর্তমানে কিছু সংগঠন ছাত্র রাজনীতির আড়ালে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করে তুলছে। এটি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত ও শিক্ষাবান্ধব রাখতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ চালিয়ে যাবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি এম এ সাবিত হাসান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জুনাইদ, প্রশিক্ষণ সম্পাদক এম. রিয়াদুল ইসলামসহ জেলা ও কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন শিক্ষার্থীদের প্রতি শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সকল ছাত্রসংগঠনকে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সহনশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।