মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে গভীর রাতে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে রফিকুল ইসলাম (শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি) গ্রুপ এবং লিপ্টন হোসেন (বিএনপি সমর্থক) গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর ধারাবাহিকতায় রবিবার (২৬ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টার মধ্যে প্রতিপক্ষের লোকজন লিপ্টন গ্রুপের সমর্থক হুমায়ন মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় গৃহবধূ মোছা. শারমিন বেগম (৪০)কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় পুনরায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর, লুটপাট বা অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে শ্রীপুর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।