সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি ব্রিজ এলাকায় শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিবির আহামেদ (২১) ও মো. নজরুল ইসলাম (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা পুলিশের একটি দল এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ইছামারি ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে দুজনকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, গ্রেপ্তারকৃত আসামিরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। একটি চক্র দীর্ঘদিন ধরে মধ্যনগর, পার্শ্ববর্তী উপজেলা ধর্মপাশা, মোহনগঞ্জ, বারহাট্টা কলমাকান্দা সহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। পুলিশও এ চক্রটিকে অবৈধ মালামালসহ গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।
শুক্রবার (২৪ই এপ্রিল) রাতে মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ১৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত দুই মাদক কারবারিদেরকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের সোপর্দ করা হয়েছে।