সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে বিক্রি ও পরিবহনের দায়ে অভিযান চালিয়ে ৪ টি ড্রামট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার ব্যক্তিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় পৌর শহরের শোলাপাড়া এলাকায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন,নাটোরের সিংড়া উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রাকিব হোসেন, গুরুদাসপুর উপজেলার মহরম আলীর ছেলে ইসাহাক আলী, বড়াইগ্রাম উপজেলার সজীব সরকারের ছেলে মেহেদি হাসান এবং একই উপজেলার রজব আলীর ছেলে তামজিদ হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় চারটি ডাম্পট্রাকসহ চালকদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অর্থদণ্ড পরিশোধ না করায় প্রত্যেকের সাজা ২৫ দিন করে কারাদণ্ডে রূপান্তর করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের তাড়াশ থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দ করা ট্রাকগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।