উত্তরাঞ্চলের সড়কপথে বাসের যাত্রী সেজে মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল। বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহন থেকে ৯৫৫ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। হাতেনাতে গ্রেপ্তার হয়েছে ফরিদপুরের মাদক ডিলার আলম সরদার।
গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। বৃহস্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মালাহার পূর্বপাড়া ইটভাটা এলাকায় চেকপোস্ট বসানো হয়। গ্রেপ্তার শাহ আলম সরদার (৩৯) ফরিদপুর সদর উপজেলার স্টেশন রোড কুঠিবাড়ি মহল্লার মৃত হাসেম আলীর ছেলে।
র্যাব জানিয়েছে, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হানিফ পরিবহনের গতিরোধ করা হয়। যাত্রী সেজে ইয়াবা নিয়ে যাচ্ছিল মাদক ডিলার। তার দেহ তল্লাশি করে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৪ হাজার ১শ টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।