বগুড়ার অপহৃত কিশোরী (১৫) যশোরের কোতোয়ালী কুয়াদা বাজার থেকে উদ্ধার করেছে র্যাব। পৃথক অভিযানে অপহরণ মামলার আসামিসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। এরআগে, মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও মাদক বিক্রির সময় উদ্ধার হয় ৭৭ বোতল ফেয়ারডিল, ১১১ পিস ইয়াবা ট্যাবলেট।
র্যাব জানিয়েছে, গত বুধবার শহরের সেউজগাড়ি আমতলা মোড়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়। ফুটপাতে দুইজনের দেহ তল্লাশি করে মাদকদ্রব্য ইয়াবা পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা- নওগাঁর বদলগাছী কাদিবাড়ী এলাকার স্বপন হোসেন (২৫) ও একই মহল্লার গোলাম রব্বানী কাবিল (৪৫)।
এদিকে, গত ২২ ফেব্রুয়ারি বাগবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নিখোঁজ হয়। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় জোরপূর্বক অপহরণের অভিযোগে সোনাতলা থানায় মামলা দায়ের করে কিশোরীর পরিবার। গত মঙ্গলবার যশোরের কোতোয়ালী কুয়াদা বাজার ঢাকুরিয়া রোড থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে র্যাব। গ্রেপ্তার অপহরণ মামলার আসামি ফরহাদ মিয়া (২০) সোনাতলা উপজেলার দিঘীরপাড়া কর্নিপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পৃথক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, লালমনিরহাট থেকে ঢাকাগামী বিটু হাজী ট্রাভেলস যাত্রীবাহী বাসে মাদক পাচারের তথ্য পেয়ে চেকপোস্ট বসানো হয়। বগুড়া সদর উপজেলার গোকুল বাঘোপাড়া এলাকার রংপুর-ঢাকা মহসড়কে অবস্থান নেয় র্যাব। তল্লাশি অভিযানে ৭৭ বোতল মাদকদ্রব্য ফেয়ারডিল পাওয়া যায়। গ্রেপ্তারকৃতরা- চাঁদপুর সদরের চাপিলা গ্রামের ইব্রাহিম হোসেন (২৬) ও কুড়িগ্রামের উলিপুর মধুপুর গ্রামের শাহীন আলম (২৬)।