খাদ্য, পুষ্টি ও ঔষধি চাহিদা পূরণের লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিভিন্ন সড়ক ও পরিত্যক্ত স্থানে ৩ হাজার সজনে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যতিক্রমধর্মী এই কর্মসূচির মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে হিলি-ঘোড়াঘাট সড়কের দুই পাশে সজনে ডাঁটার কাটিং রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, এসআই সুজা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, সজনে একটি অত্যন্ত উপকারী ও ঔষধিগুণসম্পন্ন গাছ। এর পাতা, ফুল ও ফল পুষ্টিগুণে ভরপুর এবং মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণে সজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, সজনে গাছ রোপণে খরচ কম, পরিচর্যাও তুলনামূলক সহজ। তাই সড়কের পাশ, পরিত্যক্ত জমি, ফসলি জমির আইল ও রেললাইনের ধারে এসব গাছ রোপণ করা হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করবে না, বরং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও সহায়ক হবে। সরকারি খাস জমি ও অব্যবহৃত স্থানকে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার এটি একটি চমৎকার উদাহরণ।
স্থানীয়রা জানান, সড়কের পাশে সজনে গাছ রোপণের এই উদ্যোগ পরিবেশ সবুজায়নের পাশাপাশি ভবিষ্যতে স্থানীয় মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এসব গাছ বড় হলে পথচারীরাও উপকৃত হবেন।