সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হলেও স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার।
বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের মাহমুদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রত্না খাতুন (২০) পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাগুয়ান গ্রামের বাসিন্দা। তার স্বামী কাওসার আলীর বিরুদ্ধে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, ঘটনার আগে রত্নাকে না নিলে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়, যা হত্যার পর আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা বলে অভিযোগ তাদের। ঘটনার পর স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রুপকর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।