আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ঢাকা ও গাজীপুরের শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস সুশৃঙ্খলভাবে পরিশোধ নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া।
সভায় শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে বিজিএমইএ সভাপতির আবেদনের প্রেক্ষিতে মন্ত্রী ডিজেল সরবরাহ ও লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রদান করেন। পেট্রোল পাম্পগুলোতে কারখানার নাম ও প্রাপ্য ডিজেলের পরিমাণ উল্লেখ করে প্রকাশ্যে নোটিশ ঝুলানোর নির্দেশ দেন তিনি। এছাড়া দুর্বল কারখানাগুলো চিহ্নিত করে সেগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে নির্দেশ প্রদান করা হয়।
শ্রমমন্ত্রী তাঁর বক্তব্যে আসন্ন ঈদকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থা ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন, শিল্পাঞ্চলের শান্তি নষ্টকারী চিহ্নিত ও ভাসমান সন্ত্রাসীদের তালিকা তৈরি করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। শ্রমিকরা যাতে পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনকভাবে বেতন-বোনাস পরিশোধের জন্য তিনি মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বিজিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সমন্বিত উদ্যোগকে সফল করতে একমত পোষণ করেন।