তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি তার দেড় মাস বয়সী কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন।
কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
মুক্তির খবরে সকাল থেকেই কারাগারের সামনে জড়ো হন দলীয় সহকর্মী ও স্বজনরা। কারামুক্তির পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় কারাফটকে।
তেজগাঁও এলাকার শ্রমিকলীগ নেতা আলমগীর হোসেন বলেন, “তিনি আমাদের এলাকার বড়বোন। দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি। তার সঙ্গে অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। বিষয়টি গণমাধ্যমে আসায় আদালত মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছেন।”
কারামুক্তির পর শিল্পী বেগম বলেন, “আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি, তবে আমার কোনো পদ-পদবী নেই। আমাকে মুক্তি দেওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁওয়ের রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মঙ্গলবার তিনি তার দেড় মাস বয়সী দুগ্ধপোষ্য কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান।