বগুড়ার শাকপালা মোড়ে স্কুলছাত্র সিয়াম হত্যাকান্ডে জড়িত ১৫ বছর বয়সী কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি। মাদক বিরোধী অভিযানে গাঁজা উদ্ধার ও হাতেনাতে দুই কারবারিকে আটক করেছে মোকামতলা পুলিশ।
গতকাল বুধবার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। স্কুলব্যাগে দুই কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল কারবারিরা। গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি দক্ষিণ অনন্তপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৮) এবং নাগেশ্বরী দক্ষিণ রামখানা এলাকার ফরহাদ আলীর ছেলে মমিন হোসেন (২২)।
এ তথ্য নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়েছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। এরমধ্যে মাদক কারবারি আশরাফুল ইসলামের নামে আগেরও দুটি মামলা আছে।
এদিকে, গত রোববার রাতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বয়স কম হওয়ায় তার পরিচয় প্রকাশ করেননি কর্মকর্তারা। গত ১৭ এপ্রিল বন্ধুদের মাধ্যমে ডেকে নিয়ে সিয়াম ও তুহিন নামের দুই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছে। শাজাহানপুর উপজেলার শাকপালা মোড়ে পার্কের টিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম সিয়াম (১৫) নর্থ গার্ডেন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার।