সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে তপন দাস পাপলু (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামাইদ গ্রামের বাসিন্দা এবং সাবেক বিজিবি সদস্য ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে তপন দাস পাপলু তেলিখাল বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় হঠাৎ করে ঝড়-বৃষ্টির সাথে তীব্র বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তপন দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমানে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।