দিনাজপুর শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতির করুণ মৃত্যু হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তপন চন্দ্র সরকার (৪৫) ও তার স্ত্রী লতা রানী সরকার (৩৫)।
সোমবার (২০ এপ্রিল) সকালে স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের শিখা দেখতে পান আশপাশের বাসিন্দারা। মুহূর্তেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা দম্পতি আগুনে দগ্ধ হয়ে মারা যান।
প্রতিবেশী সুমন রায় জানান, রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে হঠাৎ চিৎকার শুনে তারা বাইরে বের হন। গিয়ে দেখেন, বাড়িটিতে ভয়াবহ আগুন জ্বলছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে ঘরের ভেতর থেকে লতা রানী সরকারের মরদেহ উদ্ধার করা হয়, যা আগুনে পুড়ে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরে বাথরুম থেকে তপন চন্দ্র সরকারের মরদেহ পাওয়া যায়।
আরেক প্রতিবেশী সুবীর চক্রবর্তী ছোটন বলেন, চিৎকার শুনে এসে তারা আগুন জ্বলতে দেখেন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী তাদের দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।