হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
শনিবার (১৯ এপ্রিল ২০২৬) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ৩টার দিকে সদর উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মোহনপুর এলাকার একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ২টি চাপাতি, ৫টি লোহার তলোয়ার সদৃশ কিরিচ, ৩টি কাঠের হাতলযুক্ত লোহার রামদা, ৫টি এসএস পাইপের তলোয়ার সদৃশ কিরিচ, ৩টি হাতলবিহীন রামদা, ৩টি লোহার পাইপ এবং ৩টি নীল কাপড় মোড়ানো অ্যালুমিনিয়ামের পাইপ।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধেও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।