প্রায় দুই দশক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পৈতৃক নিবাস জিয়াবাড়ির আঙিনায় পা রাখছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে যাচ্ছেন। ঢাকার নিজ বাসভবন থেকে সকাল ৬টায় সড়কপথে রওনা হবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া পৌঁছে দিনভর নানা উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন। ২০০৬ সালের পর প্রথমবার স্মৃতির ধুলোবালি মাখা আদি নিবাসে ফিরছে ঘরের ছেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর। এদিন শহর থেকে সড়কপথ জনতরঙ্গের আভাস দিয়েছেন নেতারা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানের আগমন ঘিরে দীর্ঘ বঞ্চনার বগুড়ায় বহুল প্রতীক্ষিত উন্নয়ন বাস্তবায়নের উজ্জ্বল সূচনা শুরু হতে যাচ্ছে। নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। উৎসব আমেজের মাঝে আরেকটি সুসংবাদ এসেছে। খুব শিগগিরই নতুন উপজেলা পাচ্ছে বাংলাদেশ। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর হতে যাচ্ছে জেলার ১৩তম উপজেলা।
দলীয় সূত্র জানায়, সোমবার বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভাস্থলসহ সংশ্লিষ্ট বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপিসহ নেতারা ভেন্যু পরিদর্শন করে সকল প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
গতকাল শনিবার বিএনপি মিডিয়া সেল সমন্বয়কারী কালাম আজাদ জানিয়েছেন, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী বগুড়ায় দিনব্যাপী সরকারি সফরে যাচ্ছেন। নিজ বাসভবন থেকে সকাল ৬টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন ও ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে উপস্থিত হয়ে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন শেষে গাবতলী উপজেলার বাগবাড়িতে যাবেন। দুপুরে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ও শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে নিজের পৈতৃক নিবাস জিয়াবাড়ির আঙিনায় উপস্থিত হবেন। বিকেল চারটায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যার পর ঢাকায় ফেরার পথিমধ্যে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) স্বল্পকালীন যাত্রা বিরতি করবেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গতবছর ২৫ ডিসেম্বর অবিস্মরণীয় স্বদেশ প্রত্যাবর্তন করেন তারেক রহমান। প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার ৩৫ দিন পর পূর্বপুরুষের ভিটা বগুড়ায় যান। সড়কপথ, শহর, মাঠ সবখানে সৃষ্ট জনতরঙ্গ ঠেলে পৈতৃক নিবাস গাবতলী উপজেলার বাগবাড়িতে যাওয়া হয়নি। সরকার গঠন করে প্রথমবার জিয়াবাড়ির আঙিনায় যাচ্ছেন তারেক রহমান। তিনি ২০০৬ সালের ২৪ ডিসেম্বর পৈতৃক বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
এদিকে, শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর বগুড়া জেলার ১৩তম উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে সুখবর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। বগুড়া সিটি করেপোরেশন ও শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আট প্রস্তাব অনুমোদনের জন্য গত ১২ এপ্রিল প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভা হয়। সেখানে বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলার পাচঁটি ইউনিয়ন যথাক্রমে মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করার প্রস্তাবনা দেয়া হয়েছে। আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা দাঁড়াতে পারে দেড় লাখের মতো। এর আগে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের বুলবুল আহমেদের ছেলে আতিকুর রহমান মোকামতলাকে উপজেলায় উন্নীত করার জন্য সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেন।