গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মাদ্রাসা শিক্ষার্থী মোছাঃ ফারিহা (১৬) কে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার নয়নপুর বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।
পুলিশ জানায়, সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে নয়নপুর বাজারের পেছনে অবস্থিত তার আত্মীয়ের বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর লালচাঁন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। এর আগে, ফারিহার খালা বিউটি আক্তার পুলিশকে ফোন করে জানান, তার ভাগ্নে আবিদ ওই কিশোরীকে বাসায় রেখে গেছে। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার হওয়া ফারিহা গফরগাঁও উপজেলার বীরখারুয়া গ্রামের বাসিন্দা হাদিউল ইসলামের মেয়ে। বর্তমানে সে শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড এলাকায় বসবাস করছিল এবং স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে, ঘটনার পরপরই এলাকায় অপহরণের অভিযোগ ছড়িয়ে পড়ে এবং পরিবারও দাবি করে, সশস্ত্র দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। এতে এলাকায় ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়।
তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, এটি মূলত অপহরণের ঘটনা নয়। তিনি বলেন, “মেয়েটি ও ছেলেটির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করে। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি আইনি জটিলতায় পড়ে।”
তিনি আরও জানান, এ ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং ছেলে পক্ষের ১১ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের এ বক্তব্যে ঘটনার মোড় ঘুরলেও অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বিয়ে ও নিখোঁজ হওয়া নিয়ে এলাকায় এখনো আলোচনা ও উদ্বেগ বিরাজ করছে।