গাজীপুরের শ্রীপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, অপরজন এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে একটায় উপজেলার গোসিংগা ইউনিয়নের খুঁজেখানি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরী মোছাম্মৎ সুবর্ণা আক্তার (১৫) স্থানীয় শ্যামলের মেয়ে। নিখোঁজ অপরজন মোসাম্মৎ মিম আক্তার (১৫) একই গ্রামের মোহাম্মদ মিলনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দাদির সঙ্গে বান্ধবীকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে দুই কিশোরী। একপর্যায়ে নদীর স্রোতে তারা পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সুবর্ণাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিখোঁজ মিম আক্তারের সন্ধানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।
নিখোঁজ মিমের পিতা মোহাম্মদ মিলন বলেন, “আমার মেয়ে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার ইনস্পেক্টর নুরুল করিম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া ঢাকা থেকে একটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিতে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।