নওগাঁর নিয়ামতপুরে জমসের আলী (১৮) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৭ (এপ্রিল) শুক্রবার সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নের চক দেউলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জমসের আলী ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে। সে মান্দা মমিন শাহানা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পরিবার ও থানা সূত্রে জানা যায়,পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত জমসের আলী দীর্ঘ দিন ধরে একাকিত্বে ভুগছিলেন। গতকাল রাতে পরিবারের সবার সাথে রাতের খাবার খেয়ে তিনি নিজের শয়নকক্ষে ঘুমাতে যান।
নিহতের বাবা শাহজাহান আলী শোকাহত কণ্ঠে বলেন, "ছেলেটা অনেকদিন ধরেই একা একা থাকতে পছন্দ করত। রাতে খাওয়া-দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে গেল, কিন্তু সকালে আর জ্যান্ত পাওয়া গেল না।"
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।