গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম।
বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মারুফ, সাংবাদিক শাহাবুল শাহীন তোতা প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তোমরা স্কুল ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু আজীবন তোমাদের সাথে স্কুলের সম্পর্ক থাকবে। লেখাপড়া শেষে তোমরা যখন দেশে এবং বিদেশে কাজ করবে, তখন স্কুল ও গাইবান্ধার প্রতিনিধিত্ব করবে। তোমরা যখন ভালো কিছু করবে, তখন এই স্কুলের সুনাম বাড়বে। তোমরা একটি বড় পরিসরে গেলে এই স্কুলের সম্মান বাড়বে। তোমরা একটি মানবিকতার পতাকা নিয়ে জীবনটা গড়বে। এই শুভকামনা রইল।
এবারের এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ১২৯ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। বিদায় অনুষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২৭ জন বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়।