চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন একটি বাগান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সংঘবদ্ধ এই চক্রটি ওই এলাকায় একটি বড় ধরনের ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল। গোপন সংবাদ পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে।
মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশে জনৈক এজাহার শিকদারের আকাশমণি বাগানে পুলিশ অভিযান চালালে পালানোর চেষ্টা করে ডাকাতরা। ধাওয়া দিয়ে পুলিশ তিনজনকে হাতেনাতে আটক করে।
তল্লাশিকালে তাদের কাছ থেকে উদ্ধারকৃত,১টি দেশীয় তৈরি এলজি (LG)
১টি একনলা বন্দুক,১টি ধারালো কিরিচ
২ রাউন্ড তাজা কার্তুজ।
আটককৃত তিন ডাকাত হলো- কক্সবাজার সদর থানার খুরুসকুল এলাকার আবুল কালামের ছেলে মোঃ রাশেদ (১৮), রাউজান উপজেলার রহমত পাড়ার মোঃ মজনুর ছেলে মোঃ আকিব (২০) এবং একই উপজেলার আলিখীল এলাকার আইয়ুব আলীর ছেলে মোঃ রবিন (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন,গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মাদার্শা এলাকায় বড় ধরনের একটি ডাকাতি করার পরিকল্পনা করছিল। পুলিশের সময়োচিত হস্তক্ষেপ ও তৎপরতায় সেই পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে। অপরাধ দমনে পুলিশের 'জিরো টলারেন্স' নীতি অনুযায়ী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে পূর্বের কোনো অপরাধমূলক রেকর্ড আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে আজই তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।