চট্টগ্রামের সাতকানিয়ায় গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি তেল সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। রবিবার (১২ এপ্রিল) বিকেলে কেরানিহাট মডেল মসজিদের সামনে হতে শুরু করে কেরানিহাট এলাকা ঘুরে কেরানিহাট গোল চত্বরে গিয়ে এই বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
বিক্ষোভে জোটের নেতাকর্মীরা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে (চট্টগ্রাম-১৫) সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন, গত ১২ ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে ৪৪ শতাংশ গণমানুষের রায় আমরা পেয়েছি। গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি -সরকার। দেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে রায় দিয়েছে।
কিন্তু, বর্তমান সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা টালবাহানা করছেন, যা জনগণের সঙ্গে প্রতারণা করার সামিল। আমরা চাই সংস্কার, তারা বলে সংবিধান সংশোধন যা অনেক পার্থক্য রয়েছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যেখানে দেশের মানুষ ৬৯ শতাংশ জুলাই হ্যাঁ পক্ষে রায় দিয়েছে ঐ জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ নিজামী পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির মহিউদ্দিন হেলালী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, খেলাফত মজলিসের চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা নোমানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।