মাদারীপুরের শিবচরের হাজারো মানুষের স্বপ্নের আড়িয়াল খাঁ নদে নির্মাণাধীন কলাতলা-নিলখী সেতুর কাজ ভূমি অধিগ্রহণের জটিলতায় স্থবির হয়ে পড়েছে।
৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৬৭০ মিটার দীর্ঘ এ সেতুর প্রায় ৩৫ শতাংশ কাজ শেষ হলেও চর কামারকান্দি প্রান্তে জমির মালিকরা ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় কাজ বন্ধ রয়েছে। অপর প্রান্তের কাজ চলমান থাকলেও পুরো সেতু নির্মান কবে নাগাদ শেষ হবে তা নিয়ে স্থানীয়দের মধ্যে গভীর অনিশ্চয়তা বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছেন, সেতুটি চালু হলে শিবচর উপজেলা সদর থেকে রাজৈর, টেকেরহাট বন্দরসহ গোপালগঞ্জের মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া পর্যন্ত পথ প্রায় ৫০ কিলোমিটার রাস্তা কমে আসবে। এতে এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় পরিবর্তন আসবে।
২০২৩ সালের ১ অক্টোবর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে সেতুর নির্মাণকাজ শুরু হয়। ৯.৮৩ মিটার প্রস্থের এ সেতুটি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অভিযোগ করেছেন, দীর্ঘদিনেও তারা ক্ষতিপূরণের টাকা পাননি। দ্রুত অর্থ প্রদানের দাবি জানিয়ে তারা বলেন, এ সমস্যা সমাধান না হলে কাজ আরও দীর্ঘ সময় আটকে থাকতে পারে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন ক্ষতিপূরণের কাগজপত্র ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত আসলেই স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধান করা হবে এবং প্রত্যেক ক্ষতিগ্রস্ত ন্যায্য অর্থ পাবেন।
এলাকাবাসীর প্রত্যাশা—ভূমি অধিগ্রহণের জটিলতা দ্রুত কেটে গেলে সেতুটি নির্ধারিত সময়ে সম্পন্ন হবে এবং রাজৈর-শিবচর-ভাঙ্গা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের দ্বার উন্মোচিত হবে।