চট্টগ্রাম গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ এবং তীব্র জ্বালানি সংকট নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট। রবিবার (১২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জোটের উদ্যোগে সাতকানিয়া রাস্তার মাথা থেকে কেরানীহাট মোড় পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, দেশের মানুষ পরিবর্তনের আশায় গণভোটে যে রায় দিয়েছে, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সংবিধানের অজুহাতে জনরায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন বরদাশত করা হবে না। জনগণের প্রত্যাশা পূরণ না হলে রাজপথেই এর সমুচিত জবাব দেওয়া হবে।তিনি আরও বলেন, গণভোটের রায় কার্যকর করার পাশাপাশি দেশব্যাপী চলমান জ্বালানি সংকট নিরসনে সরকারকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা অভিযোগ করেন, সরকার জনরায়ের সাথে তামাশা করছে এবং বিপর্যস্ত জনজীবন রক্ষায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন হেলালীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী,হেফাজতে ইসলামের মাওলানা নোমান, এবি পার্টির জায়েদ হাসান চৌধুরী, এনসিপির মুহাম্মদ সিফাত এবং এলডিপির লেয়াকত আলী চৌধুরী প্রমুখ।
দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলটি কেরানীহাট মোড়ে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে শেষ হয়। জোটের পক্ষ থেকে জানানো হয়,দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী এই আন্দোলন অব্যাহত থাকবে।