দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে ১৭৫৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
আজ রোববার (১২ এপ্রিল) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল পার্বতীপুর থানার ১০ নম্বর মধ্যপাড়া ইউনিয়নের পলিপাড়া এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় মো. রিপন মিয়ার মুদি দোকানের সামনে তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজতে থাকা কালো রঙের জিপার প্যাক থেকে ১৭৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. জিকরুল (৩৫), রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি কোনাপাড়া গ্রামের বাসিন্দা; মো. বেলাল মিয়া (৩৮), একই উপজেলার মাদাইখামার এলাকার বাসিন্দা এবং মোছা. সখিনা বেগম (৩৬), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার টিকুর এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে মাদক সংগ্রহ করে দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।