দিনাজপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায় শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানার ৪ নং শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাতক আসামি মোঃ তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লালের বাড়ির পূর্ব পাশে বসতঘরের দেয়াল সংলগ্ন স্থান থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতর রাখা ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রীপ ও ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেনসিডিল জাতীয় মাদক জব্দ করা হয়।
এছাড়া একইদিন সকাল ৭টা ২০ মিনিটে কোতয়ালী থানার উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিঁলাদীঘি এলাকায় আরেকটি অভিযান চালানো হয়।
অভিযানে মোঃ আনারুল ইসলামের নির্মাণাধীন বাড়ি থেকে ২৩৪ বোতল আরসিকাফ ও ২০০ বোতল ফেনসিগ্রীপসহ মোট ৪৩৪ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ আইন উদ্দীন (৫২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গোপনে মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রি করে আসছিল। তিনি অভিনব কৌশলে মাদক পরিবহন করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।