ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৩ ইটভাটাকে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ১১ এপ্রিল দুপুরে ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জসিম উদ্দিন এ জরিমানা করেন।
সূত্রে জানা গেছে, ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত এর সহযোগিতায় ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।
এসময় ফসলি জমির মাটি কেটে পরিবেশের ক্ষতি সাধন, বায়ু দূষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ইটভাটা পরিচালনা করার অপরাধে মেসার্স খাইয়ারা ব্রিকসকে ৫০ হাজার,মেসার্স তুষার ব্রিকসকে ৫০ হাজার,মেসার্স সোনাগাজী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা পুলিশ, র্যাব ও আনসার সদস্য, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য বৃন্দ সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত জানান, তিনটি ইটভাটাকে আজ দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে ও বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জেলা অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।