শেরপুর-৩ আসনের স্থগিত সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
গত ৯ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে পরাজিত করে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। প্রিয় নেতার এই বীরত্বপূর্ণ বিজয়ে বর্তমানে আনন্দের জোয়ারে ভাসছে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনসহ গোটা জেলা।
বিজয়ের সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই নির্বাচনী এলাকার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম-মহল্লায় বইছে উৎসবের আমেজ। ফলাফল ঘোষণার পর থেকেই সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
মিষ্টি বিতরণ ও মিছিল-শোডাউনের মাধ্যমে তারা তাদের প্রিয় প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের তৃপ্তির ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভোটের ব্যবধানে বড় জয় পাওয়ায় এই উচ্ছ্বাস এখন বাঁধভাঙা জোয়ারে পরিণত হয়েছে।
এদিকে, আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন চষে বেড়াচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। সাধারণ মানুষের ভালোবাসার টানে তিনি প্রতিটি এলাকায় যাচ্ছেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। এ সময় যেখানেই তিনি যাচ্ছেন, সেখানেই সর্বস্তরের মানুষ তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। সাধারণ মানুষের এই বিপুল সমর্থনে মাহমুদুল হক রুবেলও অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
নিজের প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, “এই জয় আমার নয়, এই জয় শেরপুর-৩ আসনের সর্বস্তরের আপামর জনতার। তারা শত প্রতিকূলতা ডিঙিয়ে আমার ওপর আস্থা রেখেছেন, আমি তাদের সেই আস্থার মর্যাদা রাখার জন্য আমৃত্যু কাজ করে যাব।” তিনি জয়ের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং তার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে পুরো এলাকা জুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ, যা যেন এক অনন্য আনন্দের বন্যায় রূপ নিয়েছে।