রাজশাহীর তানোর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ১৫০টি পরিবারের মাঝে ৩০০টি ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলীর সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রমটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারেননি। তাঁর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. সুমন মিয়া, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদেরসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছাগল পালন সহজ ও লাভজনক হওয়ায় এটি প্রান্তিক পরিবারের আয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে।
তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে এ ধরনের কার্যক্রম সম্প্রসারণ করা হলে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠান শেষে সুফলভোগী ১৫০টি পরিবারের প্রত্যেককে ২টি করে মোট ৩০০টি ছাগল বিতরণ করা হয়।