
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই এলাকার মেসার্স এ. কে. খান ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। জেলা প্রশাসক আবু ছালেহ বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সকল মোটরসাইকেল চালককে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রাখতে হবে। তিনি জ্বালানির সাশ্রয়ী ও সচেতন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। নতুন এই অ্যাপস-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে মোটরসাইকেলে জ্বালানি বিক্রয় কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও সহজ হবে বলে আশা ব্যক্ত করেন। অ্যাপসে গ্রাহকের গাড়ির লাইসেন্স নম্বরসহ অন্যান্য তথ্য সংরক্ষণ থাকবে। গ্রাহকের অনেকটা ভোগান্তি দূর হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সহকারী কমিশনার (ভূমি ) মোঃ ইকরামুল হক নাহিদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব, ট্যাগ অফিসার ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আতাউর রহমান, ফিলিং স্টেশনটির স্বত্বাধিকারী মোঃ আতিকুর রহমান খান বাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।