কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ এপ্রিল, সোমবার দুপুর ১২ টার দিকে ইটবোঝাই ট্রলি উল্টে এর নিচে চাপা পড়ে আতাউর রহমান (২৫) নামে ওই ট্রলি চালকের মৃত্যু হয়েছে।
উপজেলার ধরলা ব্রিজের পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান নাগেশ্বরী উপজেলার গাগলা মন্ডলটারী এলাকার আজিজল হকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবোঝাই ট্রলি নিয়ে আতাউর রহমান লালমনিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলো, পথে ধরলা ব্রিজ পাড় হয়ে কিছুদূর গেলে ট্রলির সামনের চাকার একটি অংশ হঠাৎ ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে গিয়ে চালকের ওপর পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, ট্রলি চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।