বগুড়ায় কবরস্থানের আতাগাছ থেকে ফল চুরির অপবাদে মারপিট ও ছুরিকাঘাতে রবিন হাসান নামের যুবক খুন হয়েছে। তুচ্ছ বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে হত্যাকান্ড ঘটায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পাওয়া গেছে তিনটি হকিস্টিক ও একটি চাইনিজ কুড়াল।
গত রোববার রাত সাড়ে নয়টার দিকে শহরের ফুলবাড়ি বানিয়া দক্ষিণপাড়া এলাকায় নৃশংস ঘটনা ঘটে। নিহত রবিন হাসান (২৮) উত্তর চেলোপাড়ার মিরাজ আলীর ছেলে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রবিনের বাড়ি উত্তর চেলোপাড়া হলেও ফুলবাড়ি দক্ষিণপাড়া বসবাস করতেন। সম্প্রতি কবরস্থানের আতাগাছ থেকে ফল চুরি এবং ভাগবাটোয়া নিয়ে দুপক্ষের বাকবিতন্ডা হয়। তুচ্ছ ঘটনার বিরোধ মীমাংসা করে দেওয়ার কথা বলে ঘটনার আগে রবিনকে ডেকে নিয়ে যায়। চুরির অপবাদে তাকে হকিস্টিক দিয়ে পেটায় দুর্বৃত্তরা। রবিনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর জানান, কবরস্থানের আতা ফল পাড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার বিরোধে হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একাধিক নাম পাওয়া গেছে, তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না।