ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক নির্মাণকাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— উপজেলার নাশুল্যা গ্রামের আব্দুল মান্নানের পুত্র আল মামুন (৩৩) এবং একই গ্রামের আবুল খানের পুত্র আলামিন (২০)। এ ঘটনায় হাপানিয়া গ্রামের আবুল হাসেম ছতুর পুত্র ওয়াহাব (৩২) নামে এক অভিযুক্ত পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসা পূর্বপাড়া থেকে বাবুর বাজার হয়ে হাপানিয়া পর্যন্ত রাস্তার পাকাকরণ কাজ চলছিল। কাজ চলাকালীন জনৈক ওয়াহাবের নেতৃত্বে ৪-৫ জন যুবক সেখানে উপস্থিত হয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেয় এবং দাবি অনুযায়ী চাঁদা না দিলে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেয়। এ সময় কাজের স্থানে চরম উত্তেজনা ও গোলযোগের সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে এলাকাবাসী এগিয়ে এসে অভিযুক্তদের ধাওয়া করে দুইজনকে আটক করে এবং বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আটককৃতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন, জনস্বার্থে পরিচালিত সড়ক নির্মাণকাজে যেন কোনো ধরনের বাধা, চাঁদাবাজি বা অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে যেন কঠোর ও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত দুই আসামিকে ইতিমধ্য়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনার মূল হোতা ও পলাতক আসামি ওয়াহাবকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।