নিজস্ব প্রতিবেদক, কুলিয়ারচর: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও আউশ চাষের কৃষি প্রণোদনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। গত শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে চাষাবাদে যে বৈপ্লবিক নজির রেখে গেছেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আগামী পহেলা বৈশাখ থেকে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’-এর মতো যুগান্তকারী উদ্যোগ শুরু হতে যাচ্ছে।
কৃষি উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী দেশের জ্বালানি তেলের বাজার নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেন। তিনি বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং আগামী তিন-চার মাসের পর্যাপ্ত মজুদ সরকারের কাছে রয়েছে। বিশ্ববাজারে দাম বাড়লেও সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে যাচ্ছে। তবে এক শ্রেণির মোটরসাইকেল আরোহীদের অপ্রয়োজনীয় মজুদ ও অতিরিক্ত ব্যবহারের কারণে বাজারে সাময়িক অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পরবর্তীতে প্রতিমন্ত্রী কালী নদীতে নৌ-যোগাযোগ নির্বিঘ্ন করার লক্ষ্যে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম তদারকি করেন এবং কুলিয়ারচর বাজার লঞ্চঘাটে একটি নতুন জেটি নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এছাড়া তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।