বগুড়ার সোনাতলা উপজেলার নদী থেকে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অর্ধকঙ্কাল হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে নারী বলে ধারণা করা হচ্ছে। এরআগে, কাহালু ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। লোহাগাড়া নদীর পানিতে পড়েছিল নিথর দেহ। মাথা থেকে পেট পর্যন্ত অর্ধেক কঙ্কালে পরিণত এবং পানির নিচে থাকা অংশে অর্ধগলিত ছিল।
স্থানীয়রা জানান, গেল কয়েকদিন এলাকায় কোনো দুর্গন্ধ ছিল না। হঠাৎই তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে কৃষকেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে নারীর মরদেহ বলে অনেকের ধারণা। তার পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন সোনাতলা থানার ওসি মো. কবির হোসেন।
এদিকে, বুধবার বগুড়া সদর উপজেলার চাঁদমুহা বাজার সংলগ্ন স্লুইসগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা ইজিবাইক আটক করে। নিহত সুরাইয়া আক্তার রিমি (৫) সরলপুর পাইকড়তলা মহল্লার রানা মিয়ার কন্যা এবং স্থানীয় চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেনির ছাত্রী ছিল। দুর্ঘটনা কবলিত ইজিবাইক পুলিশ হেফাজতে রয়েছে।
এছাড়া বুধবার রাতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজলার মুরইল ইউনিয়নের যাত্রাশুল জামে মসজিদের পাশে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। নিহত সুমন হোসেন (২৫) রাজমিস্ত্রি ছিলেন। তিনি কাহালু উপজেলার কালাই কর্ণিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। একই দুর্ঘটনায় রাজমিস্ত্রি মোস্তফা (৪০) গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বীরকেদার ইউনিয়নের শেকাহার গ্রামের আব্দুল মজিদের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন রাজমিস্ত্রি সুমন ও মোস্তফা বগুড়া শহরে কাজ শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন। খবর পেয়ে কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একজনের লাশ উদ্ধার এবং আহত একজনকে হাসপাতালে পাঠিয়ে দেয়। দুর্ঘটনা কবলিত ট্রাক থানায় আটক রাখা হয়েছে।