রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এক নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১ এপ্রিল) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, পাংশা পৌরসভার কুলটিয়া এলাকার হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তর (৩২) পারনারায়নপুর এলাকার মো. তায়জাল মুন্সীর ছেলে মো. বরকত মুন্সী (৩৪) ও উপজেলার কলিমহর ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০)।
আসামিদের মধ্যে রাশেদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার নথী সূত্রে জানা গেছে, গত সোমবার (৩০) মার্চ বিকেল ৪ টার দিকে ভুক্তভোগী নারী পাংশা মৈশালা বাস স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এসময় একটি হায়েচ মাইক্রোবাসের মধ্যে ভুক্তভোগী নারীকে জোরপূর্বক তুলে পালাক্রমে ধর্ষণ করে। পরে রাত ৭টার দিকে ও নারীকে কুষ্টিয়া সদর থানা এলাকায় একটি ফাঁকা জায়গায় নামিয়ে চলে যায়। পরে বুধবার ভুক্তভোগী নারী পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম জানান, ধর্ষনের অভিযোগ রাশেদ নামে এক ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।