সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানি ও রংপুর র্যাব-১৩, এর যৌথ অভিযানে রংপুর জেলার গংগাচড়া থানা এলাকা থেকে ১ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ মোঃ রুবেল মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৪টি মামলা রয়েছে।র্যাব-১২ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সকাল ১১:৩০ ঘটিকায় এই তথ্য জানানো হয়।
গত ২৯ মার্চ রবিবার র্যাব-১২ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ লক্ষ ১৫ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করে।
তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৩১ মার্চ মঙ্গলবার র্যাব-১২ ও র্যাব-১৩ এর যৌথ দল মোঃ রুবেল মিয়ার (৩৪) বাসা থেকে ১ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ তাকে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেল মিয়া দীর্ঘদিন যাবৎ জাল টাকার নোট ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছিলেন। তার বিরুদ্ধে ডিএমপি চকবাজার ও মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি করে এবং প্রতারণা ও হত্যা মামলায় ১টি করে মোট ৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।