কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে তিন ব্যক্তিকে সর্বমোট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার করগাঁও ইউনিয়নে বিনা অনুমতিতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী দুই ব্যক্তিকে জরিমানা করা হয়। এর মধ্যে আলমগীর নামক এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা এবং মো. কবির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালী বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে পেট্রোল মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী: ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি জব্দকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে উপস্থিত সাধারণ মানুষের মাঝে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ বলেন,"অবৈধভাবে বালু উত্তোলন এবং নিত্যপ্রয়োজনীয় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"