পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ শনিবার (২৮ মার্চ) সকালে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হওয়ার কথা থাকলেও তা বন্ধ রয়েছে।
জানা গেছে, ভারতের হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট মধুসূদন দত্ত ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা যান। তার এই অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই দেশের বন্দরসংশ্লিষ্টদের মাঝে। এ কারণে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আজকের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ভারতের কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।
এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।