নেত্রকোনার মদনে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু মিয়া (৬৫) নামের কৃষকের মৃত্যু খবর পাওয়া গেছে। বাচ্চু মিয়া উপজেলার মাখনা পূর্বপাড়া গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে বাচ্চু মিয়া মাখনা পূর্বপাড়া হওরের গিয়ে দেখে তার জমিতে কূল ইসলাম গরু দিয়ে ধান খাওয়াচ্ছে। এ নিয়ে বাচ্চু মিয়ার সাথে কূল ইসলামের তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের একপর্যায়ে কূল ইসলাম উত্তেজিত হয়ে তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বাচ্চু মিয়ার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাচ্চু মিয়ার মৃত্যু হয়। কূল ইসলাম একই পাড়ার ইসমাইল হোসেনের ছেলে।
বর্তমানে উক্ত এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় পুনরায় উভয় পক্ষের মধ্যে মারামারিসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে পুলিশি টহল রয়েছে।
মদন থানার ওসি হাসনাত জামান জানান, ঘটনা স্থলে আমরা এসেছি। লাশের সুরতহাল চলছে। আইনানুগ ভাবে যা করার দরকার, তা করা হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।